
উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ইংরেজির নতুন বছর ২০২৬-কে বরণ করতে উৎসবের আমেজে মেতে উঠেছে ৮ থেকে ৮০—সকলেই। নতুন বছরের প্রথম দিনে এমনই আনন্দঘন চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এবং করণদিঘী থানার অন্তর্গত নাগর নদীতে।
প্রতিবছর ইংরেজি নববর্ষ এলেই নাগর নদীর দুই তীর কার্যত পিকনিক স্পটে পরিণত হয়। চলতি বছরও তার ব্যতিক্রম নয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে নাগর নদীর তীরে পিকনিক করতে ভিড় জমান। শুধু পশ্চিমবঙ্গ নয়, প্রতিবেশী বিহার রাজ্য থেকেও বহু মানুষ নতুন বছরের আনন্দ ভাগ করে নিতে নাগর নদীর তীরে এসে পৌঁছান। সকাল থেকেই নদীর দুই পাড় জুড়ে ছিল মানুষের উপচে পড়া ভিড়। পাশেই রয়েছে বাংলাদেশ বর্ডার । নতুন বছরের দিনে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর রেখে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নাগর নদীর এক প্রান্তে রয়েছে রায়গঞ্জ থানার ভাটোল ফাঁড়ির পুলিশ এবং অপর প্রান্তে করণদিঘী থানার রসাখোয়া ফাঁড়ির পুলিশ। সার্বিকভাবে পুলিশের তৎপরতায় নিশ্চিন্তে নতুন বছর উপভোগ করছেন সাধারণ মানুষ। উৎসব, আনন্দ আর নিরাপত্তার মধ্য দিয়েই নাগর নদীর তীরে উদযাপিত হল ইংরেজির নতুন বছর ২০২৬।












Leave a Reply