
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভোট মিটতেই স্বমহিমায় ধরা দিলেন বালুরঘাটের জয়ী বিজেপি বিধায়ক তথা পেশায় আইনজীবী বিদ্যুৎ কুমার রায়। দুপুর ঠিক দুটো নাগাদ বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা আদালত চত্বরে এক অভিনব বিজয় উৎসবের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ থেকে শুরু করে আদালতের কর্মী ও আইনজীবীরা। এদিন কোনো জাঁকজমক নয়, বরং সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে ‘ঝালমুড়ি উৎসবের’ আয়োজন করেন বিদ্যুৎ বাবু। তিনি নিজে দাঁড়িয়ে থেকে ঝালমুড়ি কিনে সহকর্মী আইনজীবী, মুহুরী এবং আদালত চত্বরে আসা সাধারণ মানুষের হাতে তুলে দেন। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, “আমাদের দল কোনো পেশাকেই ছোট করে দেখে না।” প্রধানমন্ত্রীর ঝাড়গ্রাম সফরের স্মৃতি মনে করিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী যেমন সাধারণ মানুষের সঙ্গে মিশে ঝালমুড়ি খেয়েছিলেন, তিনিও সেই আদর্শেই এই আয়োজন করেছেন। এদিনের এই অনুষ্ঠানে আদালতের কর্মী ও বিচারপ্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।












Leave a Reply