
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে পঞ্চম স্থান অর্জন করে জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে স্বরূপ কণ্ঠ। কৃতি ছাত্রের এই সাফল্যে খুশির জোয়ার বইছে গোটা জটেশ্বর এলাকায়। শুধু পরিবার বা প্রতিবেশীরাই নন, উচ্ছ্বাসে সামিল হয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সাধারণ মানুষও।
শুক্রবার সেই সাফল্যকে উদযাপন করতেই বিশেষ উদ্যোগ নেয় জটেশ্বর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বাদ্যযন্ত্র বাজিয়ে কৃতি ছাত্র স্বরূপ কণ্ঠ সহ আরও দুই সফল পরীক্ষার্থীকে নিয়ে বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। এদিন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া ওই শোভাযাত্রা জটেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। বিদ্যালয় সূত্রে খবর, মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্যকে এভাবে উদযাপন করার উদ্যোগ এই প্রথম। ফলে স্বাভাবিক ভাবেই উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রায় অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া, অভিভাবক ও বিদ্যালয়ের প্রাক্তনীরাও।
জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের টিআইসি অমিত দত্ত বলেন, “এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখার পাশাপাশি আগামী দিনের মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে।”












Leave a Reply