ফালাকাটায় বিজেপির বিজয় মিছিল ঘিরে উৎসবের আবহ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর ফালাকাটা ব্লকের গুয়াবর নগর অঞ্চলের ১৩/১৬৮ নম্বর বুথে আয়োজিত হল বিজয় মিছিল। রবিবার ওই মিছিলকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। সকাল থেকেই এলাকায় জড়ো হতে থাকেন বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। গেরুয়া আবিরে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা। এদিনের বিজয় মিছিলে বহু মানুষ অংশগ্রহণ করেন। হাতে দলীয় পতাকা, মুখে জয়ধ্বনি ও ঢাকের তালে তালে মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জানা গিয়েছে, নির্বাচনে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পাওয়ার পর তাঁদের ধন্যবাদ জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন পাশাপাশি বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দেন এবং গেরুয়া আবির খেলে জয়ের আনন্দ উদযাপন করেন। মিছিল শেষে আয়োজন করা হয় ভুরিভোজের। মাছ, মাংস ও ভাতের বিশেষ আয়োজন করা হয় প্রায় দুই হাজার মানুষের জন্য। বুথের কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষও সেই ভোজে অংশ নেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই জয় উন্নয়ন ও মানুষের আস্থার জয়। আগামী দিনেও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার বার্তা দেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *