জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের আবেগঘন বিদায় সংবর্ধনা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ে বুধবার দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য আয়োজন করা হয় ফেয়ারওয়েল অনুষ্ঠানের। দীর্ঘ স্কুলজীবনের অসংখ্য স্মৃতি, বন্ধুত্ব, হাসি-কান্না আর শিক্ষিকাদের স্নেহকে সঙ্গী করে জীবনের নতুন অধ্যায়ে পা রাখার প্রাক্কালে ছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছিল এই বিশেষ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের শুরুতে বিদায়ী ছাত্রীদের দই-ফোঁটা দিয়ে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান শিক্ষিকারা। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে কলম এবং বিদ্যালয়ের স্মৃতিবিজড়িত ছবি। পরে সকলের জন্য মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা করা হয়। এছাড়াও এদিন মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের পঞ্চম স্থান অধিকারকারী জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র স্বরূপ কণ্ঠকে সংবর্ধনা জানানো হয় জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য ফল করা জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের কৃতি ছাত্রীদেরও সংবর্ধিত করা হয়। বিদায়ের আবেগ আর কৃতিত্বের গৌরব দুইয়ের অপূর্ব মেলবন্ধনে দিনটি হয়ে উঠেছিল অনন্য। হাসি, আনন্দ, স্মৃতিচারণ এবং ভবিষ্যতের স্বপ্নে ভরপুর এই অনুষ্ঠান দীর্ঘদিন বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মনে অমলিন হয়ে থাকবে। জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এখান থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থী আগামী দিনে নিজেদের সাফল্যের মাধ্যমে বিদ্যালয়ের নাম আরও উজ্জ্বল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *