
মালদা, নিজস্ব সংবাদদাতা : – মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। ধাবায় ভাঙচুর। মারধর করা হয়েছে অন্যান্য চালকদেরও। মালদার ইংলিশবাজার থানার ব্যাসপুর এলাকার ঘটনা। অভিযোগ, মদ্যপ অবস্থায় কয়েকজন যুবক ধাবায় ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ী বন্দনা সাহা ও তাঁর পরিবার।
জানা গেছে, ব্যাসপুর এলাকার বাসিন্দা বন্দনা সাহার স্বামী সঞ্জয় সাহা প্রায় দু’বছর আগে মারা যান। এরপর তিন ছোট ছেলেকে নিয়ে মালদা-কালিয়াচক রাজ্য সড়কের ধারে স্বামীর প্রতিষ্ঠিত ধাবার ব্যবসা সামলাচ্ছেন তিনি। অভিযোগ,এদিন হঠাৎই কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় ধাবায় এসে ভাঙচুর শুরু করে। বাধা দিতে গেলে বন্দনা সাহাকে মারধর করা হয়। ধাবায় খেতে আসা একাধিক চালককেও নিগ্রহের শিকার হতে হয়।
ঘটনার সময় উপস্থিত এক চালক মোবাইলে পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেন। সেই ভিডিওতে দেখা যায়, বাঁশ হাতে কয়েকজন যুবক ধাবার মধ্যে তাণ্ডব চালাচ্ছে। বন্দনা সাহার দাবি, অভিযুক্তদের মধ্যে ছোটন ঘোষ নামে এক যুবককে তিনি শনাক্ত করতে পেরেছেন।
ইতিমধ্যেই ইংলিশবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে স্বামীহারা বন্দনা সাহা জানিয়েছেন, অভিযুক্তরা মাঝেমধ্যেই মদ্যপ অবস্থায় এসে ধাবায় অশান্তি সৃষ্টি করে। ফলে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা ব্যবসায়ী।












Leave a Reply