
মালদা, নিজস্ব সংবাদদাতা:– সংসার চালাতে নিজের বাড়ি ও পরিচিত পরিবেশ ছেড়ে ভিনরাজ্যে এসে পরিশ্রম করতে হয় তাঁদের। কিন্তু কাজের ব্যস্ততার মাঝেও নিজেদের ধর্মীয় উৎসব ও পরম্পরা ধরে রেখেছেন বিহারের দ্বারভাঙা জেলার মাখনা শ্রমিকরা। হরিশ্চন্দ্রপুরের পিপলা এলাকায় কর্মরত শ্রমিকদের উদ্যোগে ২০১৭ সাল থেকে প্রতিবছর আয়োজিত হয়ে আসছে ছোট পুজো।আগামীকাল রবিবার ছোট পুজো উপলক্ষে পিপলা বাসস্ট্যান্ডে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। ফুল ও রঙিন আলোর সাজে তৈরি করা হয়েছে পুজোর ঘাট। এই আয়োজনের নেপথ্যে রয়েছেন এলাকার মাখনা ফড়িতে কর্মরত প্রায় শতাধিক শ্রমিক। বাড়ি থেকে দূরে থাকলেও উৎসবের সময় সকলে মিলে একত্রিত হয়ে পুজোর আয়োজন করেন তাঁরা। এর মধ্য দিয়েই নিজেদের এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। অন্যদিকে, পুজোকে ঘিরে নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। শনিবার বিকেলে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ পিপলা বাসস্ট্যান্ডের পুজোর ঘাট পরিদর্শন করেন। পুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য আয়োজকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।












Leave a Reply