অন্ধকার, জমা জল ও জঙ্গলে বিপজ্জনক রাস্তা, বেলুড়ের ২৭১ নম্বর বুথে ক্ষোভ।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- ডোমজুড় বিধানসভার অন্তর্গত বেলুড় সাপুঁইপাড়া এলাকার বসুকাটি গ্রাম পঞ্চায়েতের ২৭১ নম্বর বুথে রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অভিযোগ, রাত নামলেই কার্যত অন্ধকারে ডুবে যায় এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা। একাধিক স্ট্রিট লাইটের পোস্ট থাকলেও সেগুলিতে আলো জ্বলে না। তার সঙ্গে রাস্তার বিভিন্ন অংশে জমে রয়েছে জল এবং দু’ধারে গজিয়ে উঠেছে জঙ্গল।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। বিশেষ করে রাতে অন্ধকার ও জমা জলের কারণে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি রাস্তার দু’ধারে জঙ্গল থাকায় সাপ বা অন্যান্য বিষাক্ত প্রাণীর আতঙ্কও রয়েছে বাসিন্দাদের মধ্যে।

স্থানীয়দের প্রশ্ন, দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো সত্ত্বেও কেন স্ট্রিট লাইটগুলি মেরামত করা হচ্ছে না এবং রাস্তার জমা জল ও জঙ্গল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। পঞ্চায়েত প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, রাতের অন্ধকারে কোনও পথচারী দুর্ঘটনার শিকার হলে কিংবা সাপের কামড়ের মতো বিপদ ঘটলে তার দায়ভার কে নেবে, তা নিয়েও তাঁরা উদ্বিগ্ন। দ্রুত স্ট্রিট লাইট সচল করা, জমা জল নিষ্কাশন এবং রাস্তার দু’ধারের জঙ্গল পরিষ্কারের দাবি জানিয়েছেন তাঁরা।

এলাকার বর্তমান পরিস্থিতি তুলে ধরতে স্থানীয়দের পক্ষ থেকে রাতের বেলায় রাস্তার ছবি ও ভিডিও ধারণ করা হয়েছে। তাঁদের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসন দ্রুত সমস্যার সমাধানে পদক্ষেপ করুক।

কবে এই বিপজ্জনক পরিস্থিতি থেকে এলাকার মানুষ মুক্তি পাবেন, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *