পিংলা তৃণমূল দলীয় কার্যালয় থেকে উদ্ধার বোমা ও একাধিক আগ্নেয়াস্ত্র,গ্রেপ্তার ব্লক সভাপতি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় তৃণমূলের ব্লক পার্টি অফিস থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার ব্লক সভাপতি শেখ সবেরাতি। অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার এগারোমাইল এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কয়েকদিন আগে পিংলা থানা সংলগ্ন তৃণমূলের ব্লক পার্টি অফিসে পুলিশি অভিযানের সময় বোমা, একাধিক আগ্নেয়াস্ত্র এবং কিছু সামগ্রী উদ্ধার হওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয় রাজনৈতিক তরজা। আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা।

এরপর পিংলা থানায় ব্লক তৃণমূল সভাপতি শেখ সবেরাতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অংশ হিসেবেই বুধবার সন্ধ্যায় তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

একজন ব্লক সভাপতির গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া বোমা ও আগ্নেয়াস্ত্রের সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তদন্ত এখনও চলছে। আদালতের পরবর্তী প্রক্রিয়া এবং পুলিশের তদন্তের পরই অভিযোগের সত্যতা স্পষ্ট হবে। গ্রেফতার হওয়া মানেই অভিযোগ প্রমাণিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *