খড়গপুর আইআইটিতে ফের পড়ুয়ার মৃত্যু, তদন্তে পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ফের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর আইআইটিতে এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে ঘটনাটি ঘটে।
মৃত ছাত্রের নাম অঙ্কিত শর্মা। তিনি খড়গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি রাজস্থানে বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আইআইটির নালন্দা কমপ্লেক্সের তিনতলা থেকে নিচে পড়ে যান ওই ছাত্র। গুরুতর অবস্থায় তাঁকে দ্রুত আইআইটি ক্যাম্পাসের বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে ওই ছাত্রের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। উপর থেকে পড়ে যাওয়ার ঘটনায় অন্য কারও ভূমিকা রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।
এদিকে, ঘটনার বিষয়ে আইআইটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *