স্বাধীনতা দিবসের পোশাক কিনে না দেওয়ায় অভিমান, মৃত্যু পঞ্চম শ্রেণীর ছাত্রীর,শোকের ছায়া আঁধারনয়নে ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- স্বাধীনতা দিবসকে সামনে রেখে পোশাক কিনে দেওয়ার আবদার,সেই আবদার না পূরণ হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু পঞ্চম শ্রেণীর ছাত্রীর। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের আঁধারনয়ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই পঞ্চম শ্রেণীর ছাত্রীর নাম অঙ্কিতা হেমব্রম,বয়স আনুমানিক ১১ বছর,আঁধারনয়ন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা। পরিবার সূত্রে জানা যায় আঁধারনয়ন স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য পোশাক সহ বিভিন্ন সাজার সামগ্রী কিনে দেওয়ার আবদার করে মায়ের কাছে। কিন্তু সেই সময় মা জানিয়ে দেন তার বাবা এলেই সেই আবদার পূরণ করা হবে। অবশেষে সেই আবদার না পূরণ হওয়ায় বাড়ির মধ্যে গলায় ফাঁস লাগায় অঙ্কিতা। সেই দৃশ্য পরিবারের নজরে আসতেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতনদের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে। অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *