‘নারী সম্মান ও নারীর শক্তি’ থিমে দুর্গাপুজো, বেলুড়ের অগ্রদূত ক্লাবের খুঁটিপুজো সম্পন্ন।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যেই পুজোর প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে শহর থেকে গ্রাম, বিভিন্ন ক্লাব ও পুজো কমিটিগুলি। ঠিক তেমনই জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে হাওড়া জেলার বেলুড় সাপুঁইপাড়ার অগ্ৰদূত ক্লাবের।
আজ, ১৬ই আগস্ট রবিবার, অগ্ৰদূত ক্লাবের দুর্গাপুজোর খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। আর এবছর তাঁদের পুজোর বিশেষ আকর্ষণ হতে চলেছে এক অভিনব ও তাৎপর্যপূর্ণ থীম—“নারী সম্মান ও নারীর শক্তি”।
পুজো কমিটির সদস্যদের কথায়, এবারের থীমের মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অসামান্য অবদান রাখা বহু মহীয়সী নারীর প্রতিচ্ছবি তুলে ধরা হবে। তাঁদের মধ্যে থাকবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা, ঝাঁসির রানি লক্ষ্মীবাই, মহাকাশচারী কল্পনা চাওলা-সহ আরও বহু কৃতী নারী।
শুধু তাই নয়, দেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বায়ুসেনার মহিলা সদস্যদের প্রতিচ্ছবিও এবারের থীমে বিশেষভাবে তুলে ধরা হবে।
নারী শুধু পরিবারের শক্তি নন, সমাজ ও দেশ গঠনের ক্ষেত্রেও তাঁদের অবদান অনস্বীকার্য। সেই বার্তাই এক অনবদ্য থীমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চলেছে অগ্ৰদূত ক্লাব। তাঁদের এই উদ্যোগের মূল বার্তা—নারীকে সম্মান করা, নারীর শক্তিকে স্বীকৃতি দেওয়া এবং সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করা।
অগ্ৰদূত ক্লাব এবছর আরও কী কী চমক নিয়ে হাজির হচ্ছে, তা জানতে অবশ্যই অপেক্ষা করতে হবে দুর্গাপুজোর দিনগুলির জন্য। কারণ ইতিমধ্যেই এই অভিনব থীমকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
অনেকেরই মনে এখন একটাই প্রশ্ন—অগ্ৰদূত ক্লাবের “নারী সম্মান” থীম ঠিক কেমন হতে চলেছে?
সেই উত্তর পেতে পুজোর সময় অবশ্যই ঘুরে আসতে হবে অগ্ৰদূত ক্লাবে। কারণ এই পুজো না দেখলে এবারের দুর্গোৎসবের আনন্দ যেন কিছুটা অধরাই থেকে যাবে।
পুজো কমিটির সকল সদস্য-সদস্যার পক্ষ থেকে প্রত্যেককে অগ্ৰদূত ক্লাবের এই বিশেষ আয়োজন দেখতে আসার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
পাশাপাশি, পুজো কমিটির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও আবেদন জানানো হয়েছে, যাতে অগ্ৰদূত ক্লাবের এই পুজোর জন্য সরকারি সহযোগিতা পাওয়া যায়।
নারীর সম্মান, নারীর শক্তি এবং নারীর গৌরবের বার্তা নিয়ে এবারের অগ্ৰদূত—
অপেক্ষা এখন শুধু পুজোর দিনগুলির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *