
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শিক্ষক দিবসকে সামনে রেখে এক অভিনব উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের খুকুড়দহ চক্রের অন্তর্গত আদমপুর প্রাথমিক বিদ্যালয়। শিক্ষক দিবস উদযাপনের পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মায়েদের বিশেষ সম্মানে সম্মানিত করা হল। বিদ্যালয়ের এই উদ্যোগে খুশি পড়ুয়া থেকে অভিভাবক—সকলেই।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মায়েদের জন্য রাখা হয় বিশেষ সম্মাননা—‘আমার মা’। প্রত্যেক মায়ের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ এবং স্মারক। মায়েদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তাও তুলে ধরা হয় এই উদ্যোগের মাধ্যমে।
অনুষ্ঠানে আরও দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগের শুভ সূচনা হয়। বিদ্যালয়ে ‘সুকান্ত ভট্টাচার্য’ নামাঙ্কিত ল্যাব এবং ‘জ্ঞানবীথি’ গ্রন্থাগার-এর উদ্বোধন করা হয়। পড়ুয়াদের শিক্ষার পরিসর আরও সমৃদ্ধ করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক-অভিভাবিকা ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবর্গ। শিক্ষক দিবসের তাৎপর্য স্মরণ করার পাশাপাশি শিক্ষার সঙ্গে পরিবার, মাতৃত্ব এবং পরিবেশ সচেতনতার যোগসূত্রকে সামনে রেখে দিনটি উদযাপন করা হয়।
আদমপুর প্রাথমিক বিদ্যালয়ের এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষক দিবসের অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করেছে।












Leave a Reply