চাপড়ায় মিষ্টির দোকানে মদের বোতল! খাদ্য দফতরের অভিযানে চাঞ্চল্য।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে নদিয়ার চাপড়ায় একাধিক হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে আচমকা অভিযান চালাল খাদ্য সুরক্ষা দফতর। অভিযানে সামনে আসে একের পর এক অনিয়মের অভিযোগ। কোথাও ফ্রিজে মজুত ছিল বাসি-পচা খাবার, আবার একটি মিষ্টির দোকান থেকে উদ্ধার হয় মদের বোতল। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, চাপড়া বাজার এলাকার একাধিক খাবারের দোকানে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা আচমকা পরিদর্শনে যান। দোকানগুলির রান্নাঘর, ফ্রিজে রাখা খাদ্যসামগ্রী এবং খাবার সংরক্ষণের পদ্ধতি খতিয়ে দেখা হয়। সেই সময় একটি দোকানের ফ্রিজ থেকে বাসি-পচা দই ও অন্যান্য খাবার পাওয়া যায় বলে জানা যায়। প্রশাসনের পক্ষ থেকে সেগুলি বাজেয়াপ্ত করা হয়।

অভিযানের সময় চাপড়ার দুটি হোটেলেও একাধিক অনিয়ম নজরে আসে বলে দফতর সূত্রে জানা গিয়েছে। এরপর ওই দুটি হোটেল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

তবে অভিযানের সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে একটি মিষ্টির দোকানে। সেখানে মদের বোতল দেখতে পান অভিযানে থাকা আধিকারিকরা। মিষ্টির দোকানে মদের বোতল কীভাবে এল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে।

মদের বোতল উদ্ধারের পর দোকানদারকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি দাবি করেন, বোতলটি কোথা থেকে এসেছে তা তিনি জানেন না। তাঁর বক্তব্য, সম্ভবত দোকানের কারিগররা খাওয়ার জন্য সেটি রেখে থাকতে পারেন।

এই ঘটনায় দোকানে কর্মরত ব্যক্তিদের কাজের পরিবেশ এবং খাদ্য তৈরির সময় তাঁদের আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে। মদ্যপ অবস্থায় কেউ খাবার তৈরি বা পরিবেশন করছেন কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

অভিযানের পর সংশ্লিষ্ট মিষ্টির দোকানের লাইসেন্স বাতিল করেছে খাদ্য সুরক্ষা দফতর বলে জানা গিয়েছে। প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে নিয়মিত নজরদারির দাবি উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, খাবার কেনার আগে সেটি আদৌ স্বাস্থ্যসম্মত ও খাওয়ার উপযোগী কি না, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে মিষ্টির দোকান, হোটেল ও রেস্তোরাঁয় খাবার সংরক্ষণ, কর্মীদের স্বাস্থ্যবিধি এবং খাদ্য তৈরির পরিবেশ নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন।

একই সঙ্গে ভবিষ্যতে বন্ধ বা লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলিকে পুনরায় অনুমতি দেওয়ার আগে সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে সমস্ত নিয়ম ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার বিষয়টি গুরুত্ব দিয়ে যাচাই করার দাবি জানিয়েছেন এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *