
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মানিকচকের ভুতনী অঞ্চলের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চারিদিকে যখন শুধুই হাহাকার ও জলের স্রোত, তখন সেখানে ফের নতুনভাবে নজির গড়ে তুলল মালদা জেলা প্রশাসন ও ভুতনী থানার পুলিশ। শুধু মানুষকে উদ্ধার করা নয়, বিপদের দিনে অবলা পশুপাখিদের মুখে অন্ন তুলে দিয়ে প্রকৃত মানবতার পরিচয় দিলেন ভুতনী থানার কর্তব্যরত সাব-ইন্সপেক্টর (এসআই) হীরা শেখ ও তাঁর পুরো টিম।
বন্যা পরিস্থিতিতে ভুতনীর একের পর এক গ্রাম প্লাবিত হয়ে জলমগ্ন হয়ে পড়েছে। এর মাঝেই এক মুমূর্ষু রোগীর অসুস্থতার খবর পৌঁছায় ভুতনী থানায়। খবর পাওয়া মাত্রই বিন্দুমাত্র সময় নষ্ট না করে ভুতনি থানার পুলিশ একটি নৌকা নিয়ে ভেসে থাকা বিপদসঙ্কুল পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছান। জলমগ্ন বাড়ি থেকে ওই অসুস্থ মহিলাকে উদ্ধার করে দ্রত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তারা।
তবে পুলিশের এই ভূমিকা কেবল উদ্ধারকাজেই আটকে থাকেনি। ত্রাণ পৌঁছানোর পাশাপাশি তারা নজর দেন আরও এক মর্মান্তিক দৃশ্যে—ত্রাণের অভাবে ছটফট করা গবাদি পশুদের দিকে। স্থানীয় এক সহৃদয় ব্যক্তির সহায়তা নিয়ে বানভাসি এলাকায় আটকে থাকা গৃহপালিত পশুপাখিদের জন্য পর্যাপ্ত গো-খাদ্যের ব্যবস্থা করেন এস. আই হীরা শেখ ও তাঁর দল।
একদিকে সহায়সম্বলহীন মানুষদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় শুকনো খাবার ও পানীয় জল, অন্যদিকে অবলা প্রাণীদের মুখে তুলে দেওয়া হচ্ছে খাবার। বিপর্যয়ের দিনে পুলিশের এমন তৎপর ও সংবেদনশীল রূপ দেখে আপ্লুত এলাকার বানভাসি মানুষ। সরকারি কর্তব্যের পাশাপাশি মানবিকতার এই অনন্য দৃষ্টান্ত এখন পুরো মালদা জেলা জুড়েই প্রশংসিত হচ্ছে।












Leave a Reply