কলকাতা, নিজস্ব সংবাদদাতা: যাত্রী পরিষেবার মান আরও উন্নত করতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হতে চলেছে ‘যাত্রী সেবা অভিযান ২০২৬’। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-এর উদ্যোগে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে এই বিশেষ অভিযান।
এই উপলক্ষে কলকাতা এনএসসিবিআই বিমানবন্দরে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে সংবাদমাধ্যমকে ২৪ দিনব্যাপী এই যাত্রী-কেন্দ্রিক অভিযানের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়।
এএআই সূত্রে জানা গিয়েছে, এই অভিযানের মূল লক্ষ্য হল বিমানবন্দরে যাত্রীদের সামগ্রিক অভিজ্ঞতাকে আরও উন্নত করা। পরিচ্ছন্নতা, প্রবেশগম্যতা, যাত্রী তথ্য, নিরাপত্তা, বিভিন্ন সুযোগ-সুবিধা, ডিজিটাল পরিষেবা, অভিযোগ নিষ্পত্তি, স্থায়িত্ব এবং পরিষেবার উৎকর্ষতার মতো একাধিক বিষয়কে গুরুত্ব দেওয়া হবে এই অভিযানে।
প্রেস ব্রিফিংয়ে কলকাতা এনএসসিবিআই বিমানবন্দরের পরিচালক শ্রী বিক্রম সিং ২৪ দিনব্যাপী অভিযানের অধীনে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি যাত্রীদের জন্য নিরাপদ, নির্বিঘ্ন, অন্তর্ভুক্তিমূলক ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতি বিমানবন্দরের অঙ্গীকারের কথাও জানান তিনি।
বিক্রম সিং বলেন, “যাত্রী সেবা অভিযান ২০২৬ হলো বিমানবন্দরের কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে যাত্রীকে কেন্দ্রে রাখার একটি সুযোগ। এই অভিযান জুড়ে নির্দিষ্ট কার্যক্রমের মাধ্যমে আমরা পরিষেবার মান বৃদ্ধি, যাত্রী সুবিধা জোরদার এবং বিমানবন্দরের সার্বিক অভিজ্ঞতাকে ক্রমাগত উন্নত করার লক্ষ্য রাখি।”
২৪ দিনে ২৪টি যাত্রী-কেন্দ্রিক থিম
‘যাত্রী সেবা অভিযান ২০২৬’-এর অন্যতম বৈশিষ্ট্য হল—অভিযানের প্রতিটি দিনকে একটি নির্দিষ্ট থিমের আওতায় রাখা হবে। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ২৪ দিনের অভিযানে প্রতিদিন যাত্রী পরিষেবার একটি করে গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরা হবে।
পরিচ্ছন্নতা থেকে শুরু করে যাত্রীদের তথ্য পরিষেবা, নিরাপত্তা, ডিজিটাল সুবিধা, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং পরিবেশবান্ধব উদ্যোগ—বিভিন্ন ক্ষেত্রে নির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে যাত্রী পরিষেবার মান আরও উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগের মাধ্যমে যাত্রীদের সুবিধা আরও বাড়বে এবং কলকাতা বিমানবন্দরে যাতায়াতের সামগ্রিক অভিজ্ঞতা আরও স্বচ্ছন্দ ও উন্নত হবে।













Leave a Reply