সমুদ্রগড়ে শ্যামাপ্রসাদ মুখার্জী চ্যাম্পিয়ন্স ট্রফি, মাঠমুখী করার বার্তা।

সমুদ্রগড়, নিজস্ব সংবাদদাতা: সমুদ্রগড় বান্ধব সমিতির পরিচালনায় আয়োজিত হল এক দিবসীয় শ্যামাপ্রসাদ মুখার্জী চ্যাম্পিয়ন্স ট্রফি। ৮ দলীয় এই ফুটবল টুর্নামেন্টের সূচনা হয় রবিবার সমুদ্রগড় রেলস্টেশন সংলগ্ন ফুটবল ময়দানে।

অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। তাঁর হাতেই এদিন ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় বিজয়ী দলকে ৪০ হাজার টাকা নগদ পুরস্কার ও ট্রফি প্রদান করা হবে। একদিনের এই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ বলেন, বর্তমানে ছেলে-মেয়েদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি ক্রমশ বাড়ছে। এর ফলে মাঠে এসে খেলাধুলা করার প্রবণতা অনেকটাই কমেছে। শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি যুবসমাজকে আরও বেশি করে মাঠমুখী হওয়ার আহ্বান জানান।

আয়োজকদের দাবি, এই ধরনের ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি এলাকার যুবসমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত করাই তাঁদের অন্যতম উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *