বিশ্ব কার ফ্রি ডে-তে কলকাতার রাস্তায় সাইকেল র‍্যালি, WBCA-র উদ্যোগে বার্তা পরিবেশ রক্ষার।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিশ্ব কার ফ্রি ডে-কে সামনে রেখে কলকাতায় সাইকেলকে পরিবেশবান্ধব যাতায়াতের মাধ্যম হিসেবে তুলে ধরতে মঙ্গলবার আয়োজিত হল সাইকেল র‍্যালি। West Bengal Community Alliance (WBCA), Sports Authority of India (SAI) এবং MY Bharat-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ২৫০ জন সাইক্লিস্ট অংশ নেন। বিভিন্ন ক্লাব ও যুব সংগঠনের সদস্যদের পাশাপাশি সামাজিক এবং কমিউনিটি সংগঠনের প্রতিনিধিরাও র‍্যালিতে অংশ নেন।

সকাল থেকেই কর্মসূচিকে ঘিরে ছিল উৎসাহ। সকাল ৮টায় স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবনের সামনে অংশগ্রহণকারীরা জড়ো হন। সাড়ে ৮টায় সেখান থেকে র‍্যালি শুরু হয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে গিয়ে শেষ হয়। সাইকেল ব্যবহারের মাধ্যমে দূষণ কমানো, পরিবেশ রক্ষা এবং সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার বার্তাই উঠে আসে গোটা কর্মসূচিতে।

WBCA-র প্রথম বড় কর্মসূচি হিসেবেও এই র‍্যালি বিশেষ তাৎপর্য বহন করে। ক্লাব, যুব সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং কমিউনিটি সংগঠনগুলিকে একত্রিত করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করার উদ্দেশ্যে WBCA-র নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এই নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নিয়েছিল ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের Sports & Club Relation Cell।

কর্মসূচিতে পদ্মশ্রী শিক্ষাবিদ কাজী মাসুম আখতার উপস্থিত ছিলেন। আয়োজকদের বক্তব্য, পরিবেশ রক্ষার বিষয়টিকে শুধুমাত্র আলোচনা বা প্রচারের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই সাইকেল র‍্যালির আয়োজন। স্বল্প দূরত্বে ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে সাইকেল ব্যবহারের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

WBCA-র কনভেনার শুভজিৎ দত্তগুপ্ত বলেন, “এই কর্মসূচিকে আমরা শুধুমাত্র একটি সাইকেল র‍্যালি হিসেবে দেখতে চাই না। পরিবেশ সচেতনতা, সুস্থ জীবনযাপন এবং টেকসই যাতায়াতের বার্তা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্লাব, যুব ও সামাজিক সংগঠনকে একটি বৃহত্তর সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করাই আমাদের লক্ষ্য। প্রায় আড়াইশো সাইক্লিস্টের অংশগ্রহণ আমাদের উৎসাহিত করেছে।”

শুভজিৎ দত্তগুপ্ত আরও বলেন, “স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের উদ্যোগে বিভিন্ন ক্লাব, যুব সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান ও কমিউনিটি সংগঠনকে নিয়ে WBCA-র এই নেটওয়ার্ক তৈরি হয়েছে। আজকের সাইকেল র‍্যালি ছিল তার প্রথম কর্মসূচি। আগামী দিনে পরিবেশ, স্বাস্থ্য, যুব সমাজ এবং সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে আরও বিভিন্ন কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের কর্মসূচির পরেও SAI, MY Bharat এবং বিভিন্ন ক্লাব, যুব সংগঠন ও কমিউনিটি সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। পরিবেশ, স্বাস্থ্য, ক্রীড়া, যুবসমাজ ও সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে আগামী দিনে আরও একাধিক কর্মসূচি নেওয়া হবে।

বিশ্ব কার ফ্রি ডে-র বার্তাকে সামনে রেখে কলকাতার এই র‍্যালি সাইক্লিংকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনকে একসঙ্গে কাজ করার একটি নতুন পরিসর তৈরি করেছে বলেই মনে করছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *