
মালদা, নিজস্ব সংবাদদাতা:- ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারে চাঞ্চল্য ছড়াল মালদহের রতুয়ায়। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রতুয়া থানার সামসি ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম খালেদুর রহমান ওরফে পিন্টু। বাড়ি রতুয়া থানার চাঁদমনি-২ গ্রাম পঞ্চায়েতের বালুপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বালুপুর এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় সামসি ফাঁড়ির পুলিশ।সেখান থেকেই পিন্টুকে পাকড়াও করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি ওয়ান-শাটার পাইপগান এবং চার রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ।পুলিশের দাবি, ধৃতের বিরুদ্ধে আগেও অপরাধমূলক রেকর্ড রয়েছে। ফলে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাকে ঘিরে তদন্তে একাধিক প্রশ্ন সামনে এসেছে। কোথা থেকে অস্ত্রগুলি এল, কী উদ্দেশ্যে সেগুলি মজুত করা হয়েছিল এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।রবিবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃতকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। অস্ত্র উদ্ধারের ঘটনায় রতুয়া এলাকায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।












Leave a Reply