
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অতিবামপন্থীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলীপ ঘোষের। পশ্চিমবঙ্গের মাটিতে দেশের বিরোধিতা, দেশের বিরুদ্ধে স্লোগান কিংবা কোনওরকম চক্রান্ত বরদাস্ত করা হবে না বলে দাবি করলেন বিজেপি নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের উদয়পল্লীতে চা-চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। কর্মীদের সঙ্গে চা-চক্রে অংশ নেওয়ার পাশাপাশি বৃক্ষরোপণও করেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একাধিক রাজনৈতিক ইস্যুতে মুখ খোলেন দিলীপ ঘোষ।
অতিবামপন্থীদের প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে অতিবামপন্থীদের শেষ ঘাঁটি রয়েছে এবং সেই লড়াই শুরু হয়ে গিয়েছে। তাঁর দাবি, যেখানে বন্দেমাতরম ও জনগণমন রচিত হয়েছে, সেই মাটিকে দেশের বিরুদ্ধে স্লোগানের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না।
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিরোধীদের আন্দোলন নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, ভোটের সময় কোনও অভিযোগ না থাকলেও ফল প্রকাশের পর হারার কারণে বিরোধীরা নির্বাচন কমিশনকে দায়ী করছে।
ইন্ডিয়া জোট নিয়েও তীব্র আক্রমণ করেন তিনি। দিলীপ ঘোষের বক্তব্য, ইন্ডিয়া জোট মূলত কাগজে-কলমেই ছিল এবং ভবিষ্যতেও কতদিন থাকবে, তা নিয়ে সংশয় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেও কটাক্ষ করেন তিনি।
অবৈধভাবে ওবিসি সার্টিফিকেট নিয়ে চাকরি পাওয়ার অভিযোগের প্রসঙ্গেও মুখ খোলেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, বিষয়টি আদালতের বিচারাধীন এবং চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে সিদ্ধান্ত কার্যকর করার প্রশ্ন নেই।
অন্যদিকে সরকারি স্কুল বন্ধ হওয়ার প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, বহু স্কুলে শিক্ষক, শিক্ষা কর্মী, পরিকাঠামো এবং উপযুক্ত পরিবেশের অভাব রয়েছে। চলতি অর্থবর্ষে ৫০ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগের কথা জানিয়ে তিনি বলেন, সরকারি স্কুলগুলিকে ফের সচল করার চেষ্টা করা হবে।
মঙ্গলবার মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় দিনভর একাধিক কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষের।












Leave a Reply