
ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা:- রেলপথে বেআইনিভাবে চোলাই মদ পাচারের চেষ্টা! গোপন তল্লাশিতে ঝাড়গ্রাম স্টেশন থেকে ১২০ লিটার চোলাই মদ উদ্ধার করল রেল পুলিশ। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। এই ঘটনায় যৌথভাবে অভিযান চালায় রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি)।
রেল দফতর সূত্রে জানা গিয়েছে, গত ১১ নভেম্বর ঝাড়গ্রাম স্টেশনে বিশেষ তল্লাশি অভিযান চালান আরপিএফের ঝাড়গ্রাম পোস্ট এবং জিআরপির ঝাড়গ্রাম থানার আধিকারিক ও কর্মীরা। তাঁদের নেতৃত্বে ছিলেন আরপিএফের পোস্ট কমান্ডার।
সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে ১৮০৩৪ নম্বর ঘাটশিলা-হাওড়া লোকাল ট্রেনটি ঝাড়গ্রাম স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয়। এরপর ট্রেনের এসই ২৫৮০০৩ নম্বর কোচে তল্লাশি চালানোর সময় যাত্রীদের আসনের নীচে লুকিয়ে রাখা ১০টি সন্দেহজনক ব্যাগ দেখতে পান রেল পুলিশের কর্মীরা।
এই ১০টি ব্যাগের ভিতর থেকেই উদ্ধার হয় মোট ১২০ লিটার চোলাই মদ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। রেলপথকে ব্যবহার করে মদ পাচারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।












Leave a Reply