
কালিয়াচক, নিজস্ব সংবাদদাতা:— এক হাজার টাকা ধার চাওয়া নিয়ে দু’ভাইয়ের মধ্যে বিবাদ। সেই বিবাদই শেষ পর্যন্ত গড়াল রক্তারক্তি কাণ্ডে। দাদার হাতে থাকা লোহার রডের আঘাতে মৃত্যু হল ভাইয়ের। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভাঙাটোলায়। মৃতের নাম মনোজ হালদার (৩২)। এই ঘটনায় তাঁর দাদা উত্তম হালদার, বৌদি ও ভাইপোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তবে অভিযুক্তরা এখনও পর্যন্ত গ্রেফতার না হওয়ায় প্রশ্ন উঠছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে গত দু’দিন ধরেই দুই ভাইয়ের মধ্যে অশান্তি চলছিল। মঙ্গলবার বিকেলে ফের সেই বিষয়কে কেন্দ্র করে শুরু হয় বচসা। অভিযোগ, কথা কাটাকাটির মধ্যেই উত্তম ও তার ছেলে লোহার রড নিয়ে মনোজের উপর চড়াও হন। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মনোজ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু মেডিক্যাল কলেজে পৌঁছনোর আগেই রাস্তায় মৃত্যু হয় তাঁর।












Leave a Reply