
ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা : – কোথাও রাস্তার ধারে আবর্জনার স্তূপ, কোথাও আবার নিকাশি নালায় জমে রয়েছে পচা বর্জ্য। দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। ফালাকাটা পুরসভার বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার বেহাল ছবি ঘিরে এবার সরব হলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পুরসভা এলাকায় নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ড না থাকায় একাধিক জায়গায় অস্থায়ীভাবে আবর্জনা ফেলা হচ্ছে। সেই অস্থায়ী জায়গাগুলিই কার্যত স্থায়ী আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। অথচ এখনও চালু হয়নি পুরসভার বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প। বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত আবর্জনা পরিষ্কার না হওয়ায় তা ছড়িয়ে পড়ছে রাস্তায় এবং নিকাশি নালায়। ফলে দুর্গন্ধের পাশাপাশি মশার উপদ্রব এবং রোগজীবাণু ছড়ানোর আশঙ্কা বাড়ছে। তাঁদের প্রশ্ন, পুরসভা এলাকায় নাগরিকদের ন্যূনতম পরিচ্ছন্ন পরিবেশটুকু নিশ্চিত করা যাচ্ছে না কেন?
এই পরিস্থিতিতে দ্রুত আবর্জনা পরিষ্কার এবং দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প চালুর দাবিতে সরব হয়েছে নর্থ বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংগঠনের পক্ষ থেকে পুরসভা এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। ওই সংগঠনের সম্পাদক নারায়ণচন্দ্র বিশ্বাস বলেন, ‘‘ফালাকাটার জনবহুল এলাকাগুলি কার্যত ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। রাস্তার উপরে আবর্জনা পড়ে থাকছে। দুর্গন্ধ, মশার উপদ্রব ও রোগজীবাণুর আশঙ্কা বাড়ছে। দ্রুত আবর্জনা পরিষ্কার করে বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প চালু করার দাবি জানিয়েছি।’’
এখন প্রশ্ন, শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কার? কবে এই আবর্জনার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন ফালাকাটার বাসিন্দারা? পুরসভার পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে শহরবাসী।












Leave a Reply