
ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- বিবাহবার্ষিকীর আনন্দের দিনই নেমে এল চরম বিষাদ। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জটেশ্বরের সাহাপাড়ার এক দম্পতি। মৃত দম্পতির নাম বিশাল সাহা ও বর্ষা সাহা। বীরপাড়া সংলগ্ন ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। একই দিনে বিবাহবার্ষিকী পালন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা পরিণত হল এক মর্মান্তিক পরিণতিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৮টা নাগাদ বিশাল সাহা তাঁর স্ত্রী বর্ষা সাহাকে নিয়ে মোটরবাইকে এথেলবাড়ির দিক থেকে বীরপাড়ার দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাঁদের মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা বিশাল সাহাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর বর্ষা সাহারও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে।এদিকে, বিবাহবার্ষিকীর দিনেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় দম্পতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে জটেশ্বরের সাহাপাড়া এলাকায়। একসঙ্গে পথচলার অঙ্গীকারের দিনেই একসঙ্গে চিরবিদায় এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।












Leave a Reply