দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- দোল উৎসবের জন্য মুখিয়ে থাকেন বাঙালিরা। দোলের দিনে বোলপুরের শান্তিনিকেতনে গিয়ে আবির খেলতে যান অনেকে। কিন্তু এখন নিজের এলাকায় দোল উৎসব উপলক্ষে নানান অনুষ্ঠান করছে একাধিক সাংস্কৃতিক সংস্থা। তাই বসন্ত উৎসব উপলক্ষে গতকাল সন্ধ্যায় বীরভূম জেলার দুবরাজপুরের “সবারে করি আহ্বান” সংস্থার পক্ষ থেকে দুবরাজপুর পাহাড়েশ্বর শিব মন্দিরে সংলগ্ন মুক্ত মঞ্চে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই সংস্থার ছাত্রীদের নিয়ে কবিতা, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। অনুষ্ঠানের শুরুতেই মাধাই কর্মকারের পরিচালনায় ছয়জন শিশু শিল্পী তবলায় সঙ্গত দেয়। শিশু শিল্পীদের তবলা বাজানো মন কাড়ে উপস্থিত শ্রোতা ও দর্শকদের। পাশাপাশি পূজা মাহাতা, কুসুম ভক্ত, সুচেতা কবিরাজ সহ আরও সঙ্গীত শিল্পীদের গানে মুগ্ধ হোন দর্শকরা। অনুষ্ঠানের শেষ লগ্নে বিশিষ্ট শিক্ষক দীপক দত্ত ও তাঁর সহধর্মিণী তথা নাট্য শিল্পী গোপা দত্ত শ্রুতি নাটক পরিবেশন করেন। তাছাড়াও এই অনুষ্ঠানে ক্ষুদে শিশুরা কবিতা ও আবৃত্তি পাঠ করে। এদিন উপস্থিত ছিলেন সবারে করি আহ্বান সংস্থার সম্পাদিকা সুতপা কবিরাজ, কোষাধ্যক্ষ দেবাশিষ মুখার্জী, সদস্য তারক নাথ সেন সহ অন্যান্য সদস্য ও সদস্যারা । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক সন্তোষ পাল। সবশেষে আবীর খেলায় মেতে ওঠেন সংস্থার সদস্য, সদস্যা এবং কচিকাঁচারা।
বসন্ত উৎসব উপলক্ষে ‘সবারে করি আহ্বান’ সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠান।












Leave a Reply