অগ্নিকাণ্ড রুখতে পূজামণ্ডপে মণ্ডপে ছুটে বেড়াচ্ছেন ভাইরাল ফায়ারম্যান শরিফুল হক! নিজের বাইকে ফায়ার সার্ভিসের সরঞ্জাম নিয়ে ক্রান্তি থেকে ওদলাবাড়ি, মানুষের নিরাপত্তায় রাতভর তৎপরতা।

ক্রান্তি, নিজস্ব সংবাদদাতা :- উৎসবের মরশুমে অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে এবার বিশেষ উদ্যোগ নিলেন ক্রান্তি ব্লকের পরিচিত মুখ তথা ভাইরাল ফায়ারম্যান শরিফুল হক। নিজের বাইকে ফায়ার সার্ভিসের সরঞ্জাম নিয়ে ক্রান্তি থেকে ওদলাবাড়ি পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তাঁর একটাই লক্ষ্য, উৎসবের আনন্দের মাঝে অসতর্কতার কারণে কোথাও যেন অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে।

গত কয়েক দিনে বিভিন্ন এলাকায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসায় উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে পূজামণ্ডপে বৈদ্যুতিক আলোর সাজসজ্জা, আতশবাজি এবং অন্যান্য কারণে আগুন লাগার আশঙ্কা থেকেই যায়। সেই কথা মাথায় রেখেই আগাম সতর্কতামূলক উদ্যোগ নিয়েছেন শরিফুল হক।

কখনও তাঁকে দেখা যাচ্ছে ক্রান্তির বিভিন্ন পূজামণ্ডপে, আবার কখনও ওদলাবাড়ি এলাকায়। এমনকী রাতের বেলাতেও নিজের বাইকে প্রয়োজনীয় ফায়ার সার্ভিসের সরঞ্জাম নিয়ে মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাচ্ছেন তিনি। পূজামণ্ডপগুলিতে অগ্নিকাণ্ডের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং কোনও বিপদের পরিস্থিতি তৈরি হলে দ্রুত প্রাথমিকভাবে মোকাবিলার প্রস্তুতি রাখাই তাঁর এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

মানুষের কাছে ইতিমধ্যেই পরিচিত মুখ শরিফুল হক। তাঁর মানবিক কাজ এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতার জন্য অনেকেই তাঁকে চেনেন। এবার উৎসবের আনন্দের মাঝেও নিজের ব্যক্তিগত ব্যস্ততার কথা না ভেবে সাধারণ মানুষের উন নিরাপত্তার স্বার্থে যেভাবে ছুটে বেড়াচ্ছেন, তা প্রশংসা কুড়োচ্ছে।

শরিফুল হকের এই উদ্যোগ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তাও উঠে আসছে—উৎসবের আনন্দের পাশাপাশি অগ্নি-নিরাপত্তার বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে। সামান্য অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই প্রত্যেকটি পূজামণ্ডপে পর্যাপ্ত অগ্নি-নিরাপত্তার ব্যবস্থা রাখা এবং জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা অত্যন্ত জরুরি।

নিজের বাইকে ফায়ার সার্ভিসের সরঞ্জাম নিয়ে ক্রান্তি ও ওদলাবাড়ির বিভিন্ন পূজামণ্ডপে শরিফুল হকের এই ছুটে চলা যেন মানুষের নিরাপত্তার প্রতি এক নিঃস্বার্থ দায়বদ্ধতার ছবি তুলে ধরছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *