চলন্ত নাগরদোলায় সেলফি তুলতে গিয়ে বেয়ারিংয়ে চুল আটকে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু তরুনীর।

বাঁকুড়া, আবদুল হাই:-  চলন্ত নাগরদোলায় সেলফি নিতে গিয়ে বেয়ারিংয়ে চুল আটকে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বাঁকুড়ায় । বেশ কিছুক্ষণ ধরে বেয়ারিং এ আটকে থাকা চুলের গোছায় ভর দিয়ে তরুনী ঝুলে থাকার পর উঁচু থেকে নিচে পড়ে গুরুতর চোট পান তিনি। প্রথমে আহত তরুনীকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতা নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে মৃতার নাম প্রিয়াঙ্কা বাউরী।

স্থানীয় সূত্রে জানা গেছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাঁকুড়া শহর লাগোয়া এক্তেশ্বরে শুরু হওয়া গাজন মেলায় এসে নাগরদোলায় চড়েছিলেন ভাদুল গ্রামের বছর কুড়ির তরুনী প্রিয়াঙ্কা। চলন্ত নাগরদোলায় প্রিয়াঙ্কা নিজের মোবাইলে সেলফি নেওয়ার চেষ্টা করছিলেন। স্থানীয়দের দাবী এই সময় কোনোভাবে ওই তরুনীর খোলা চুল নাগরদোলার পিলার ও বেয়ারিংয়ে জড়িয়ে যায়। এর জেরে নিজের আসন থেকে ছিটকে গিয়ে ওই বেয়ারিংয়ে চুলের সাহায্যে ওই তরুনীর দেহ ঝুলতে থাকে। অল্পক্ষণ এভাবে ঝুলে থাকার পর বেয়ারিংয়ে আটকে পড়া চুলের গোছা ও মাথার উপরের ত্বক থেকে শরীর বিচ্ছিন্ন হয়ে প্রায় কুড়ি ফুট উপর থেকে তরুনী নীচে পড়ে যান। ঘটনায় গুরুতর চোট লাগে তরুনীর। দ্রুত তাঁকে উদ্ধার করে বাঁ কুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। তরুনীর শারিরীক অবস্থার অবনতি হলে তাঁ কে কলকাতায় রেফার করা হয়। কিন্তু কলকাতায় পৌঁছানোর আগেই তরুনীর মৃত্যু হয়। এই ঘটনার পর ওই নাগরদোলা বন্ধ করে দেয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *