ফের দিনহাটায় গুলি, গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী, অভিযোগের তীর বিজেপির দিকে।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: ফের দিনহাটায় গুলি চলল। সোমবার রাতে দিনহাটার গিতালদহের কোনামুক্তা গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম আজিজুর রহমান নামে ওই তৃণমূল কর্মীকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তাঁকে কোচবিহারে রেফার করা হয়েছে। তৃণমূলের অভিযোগ,এদিন রাতে দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন আজিজুর। সেসময় বিজেপি সমর্থিত নির্দলরা এই হামলা চালায়।

তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থ প্রতীম রায় জানান, ‘আমাদের তৃণমূল প্রার্থী ডলি খাতুনের স্বামী একটি খুলি বৈঠকে অংশগ্রহণ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাকে কোনামুক্তা এলাকায় ঘিরে ধরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সেই তারপর তাকে মারধর করে এবং তার পায়ে গুলি চালায় বলে অভিযোগ।’

যদিও বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়ের দাবি, ‘তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে।’

অন্যদিকে, কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ বলেছেন, ‘গিতালদহের কোনামুক্তা গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। একজনের পায়ে গুলির আঘাত রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *