প্রচার থামিয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্ত দিলেন বিজেপি প্রার্থী।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেও মানবিকতার অনন্য নজির গড়লেন ভারতীয় জনতা পার্টি-র বালুরঘাট বিধানসভার প্রার্থী বিদ্যুৎ কুমার রায়।
শুক্রবার বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু আদিত্য কোলের জন্য তিনি বালুরঘাট ব্লাড ব্যাংকে রক্তদান করেন। শুধু রক্তদানই নয়, হাসপাতালে গিয়ে আদিত্যের সঙ্গে দেখা করে তার হাতে ফলও তুলে দেন তিনি।
জানা গিয়েছে, আদিত্য কোল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বটুন অঞ্চলের শহরপুর এলাকার বাসিন্দা। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ায় তাকে নিয়মিত রক্ত নিতে হয়। তার বাবা-মা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন, ফলে সে তার বোনের সঙ্গে বাড়িতে থাকে।
শিশুটির রক্তের প্রয়োজনের কথা জানতে পেরে এবং রক্তের গ্রুপ মিলে যাওয়ায়, নির্বাচনী প্রচার সাময়িক বন্ধ রেখে হাসপাতালে ছুটে আসেন প্রার্থী।
এই প্রসঙ্গে বিদ্যুৎ কুমার রায় জানান, “থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর রক্তের প্রয়োজনের কথা শুনে আমি প্রচার বন্ধ করে রক্ত দিতে এসেছি। ওর সঙ্গে দেখা করেও ভালো লাগছে।”
এই মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *