
বানারহাট, নিজস্ব সংবাদদাতা:-বানারহাটের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলা সংঘের কার্যালয়ের সামনে সোমবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর প্রায় শতাধিক মহিলা হাতে ডিম নিয়ে সংঘের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরে ক্ষোভে ফেটে পড়ে কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, গত প্রায় নয় বছর ধরে তৃণমূল জমানায় মহিলা সংঘের কিছু নেত্রী বিভিন্ন ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। সরকারি প্রকল্পের সুবিধা ও সম্পদের সঠিক হিসেব সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়নি বলেও অভিযোগ তোলেন তাঁরা। এই অভিযোগের প্রতিবাদ জানাতেই এদিন সংঘের কার্যালয়ে হাজির হন এলাকার শতাধিক মহিলা। তবে সংঘের কোনও নেত্রীকে সেখানে না পেয়ে ক্ষোভ আরও বাড়ে তাঁদের মধ্যে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়। যদিও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিক্ষোভকারীদের দাবি, সংঘের কার্যালয়ের ভিতরে ধান ঝাড়া মেশিন, মিনি পাওয়ার টিলার-সহ একাধিক যন্ত্রপাতি পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে সেগুলির সঠিক ব্যবহার হচ্ছে না বলে অভিযোগ। এছাড়াও সংঘের একটি গাড়ি রয়েছে, যা একটি বেসরকারি স্কুলে ভাড়া খাটানো হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
এদিন বিক্ষোভে অংশ নেওয়া মহিলাদের অনেকের হাতেই ডিম দেখা যায়। তাঁদের দাবি, মহিলা সংঘের নেত্রীরা যদি সরকারি সম্পদ ও আর্থিক লেনদেনের যথাযথ হিসেব না দেন, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। এমনকি প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ‘ডিম থেরাপি’ কর্মসূচিও নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
স্থানীয় মহিলাদের বক্তব্য, সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছানো এবং সরকারি সম্পদের স্বচ্ছ হিসেব দেওয়া উচিত। তাই পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে, এই সমস্ত অভিযোগের বিষয়ে মহিলা সংঘের কোনও নেত্রীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Leave a Reply