শিলিগুড়ির হোটেল-রেস্তোরাঁয় পৌরনিগমের লাগাতার অভিযান, নজরে খাবারের গুণমান ও পরিচ্ছন্নতা।

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা :- খাবারের গুণগত মান এবং রান্নাঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা খতিয়ে দেখতে শিলিগুড়ি শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পৌরনিগমের খাদ্য বিভাগ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। শহরের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই এই অভিযান বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

কিছুদিন আগে শিলিগুড়ির দুটি পৃথক বিরিয়ানির দোকানে খাবারের মধ্যে পোকা পাওয়ার অভিযোগ সামনে আসে। ওই দুই ঘটনায় সংশ্লিষ্ট দোকানগুলির বিরুদ্ধে পদক্ষেপ করে সেগুলি সিল করে দেয় প্রশাসন। এরপরই শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে খাবারের মান এবং রান্নাঘরের পরিবেশ নিয়ে শুরু হয় বিশেষ নজরদারি।

অভিযানের সময় একাধিক হোটেল ও রেস্তোরাঁয় খাবারের মধ্যে পোকা, আরশোলা এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী পাওয়ার অভিযোগ ওঠে। অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্য সংক্রান্ত অনিয়মের কারণে কয়েকটি প্রতিষ্ঠান সিল করে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

শুধু হোটেল-রেস্তোরাঁ নয়, গতকাল ও পরশু শিলিগুড়ি শহরের একাধিক বড় মিষ্টির দোকান এবং তাদের কারখানাতেও অভিযান চালানো হয়। একটি মিষ্টির কারখানায় খাবারের মধ্যে পোকা পাওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে সেটিও সিল করে দেয় প্রশাসন।

এরই ধারাবাহিকতায় বুধবার শিলিগুড়ির হিলকার্ট রোডের একটি নামকরা হোটেলে সারপ্রাইজ ভিজিট করেন প্রশাসনের আধিকারিকরা। সেখানে খাবারের গুণগত মান, রান্নাঘরের পরিবেশ এবং সামগ্রিক পরিষ্কার-পরিচ্ছন্নতা খতিয়ে দেখা হয়। তবে এদিন ওই হোটেলে বড় ধরনের কোনও অসংগতি ধরা পড়েনি বলে জানা গিয়েছে।

শিলিগুড়ি পৌরনিগমের খাদ্য বিভাগ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান ও খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানে এই ধরনের সারপ্রাইজ ভিজিট আগামী দিনেও অব্যাহত থাকবে।

প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শহরের সাধারণ মানুষ। তাঁদের আশা, লাগাতার নজরদারি ও অভিযানের ফলে শহরের হোটেল-রেস্তোরাঁগুলিতে খাবারের গুণগত মান এবং পরিচ্ছন্নতা বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *