
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতে অবশেষে নতুন প্রধান নির্বাচন ও বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হল। পুলিশের কড়া নিরাপত্তা ও টহলদারির মধ্যে বুধবার শান্তিপূর্ণভাবে ভোটাভুটি সম্পন্ন হয়।
জানা গিয়েছে, পঞ্চায়েত পরিচালনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে অচলাবস্থা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতির নিরিখে নির্দেশ অনুযায়ী এদিন অনাস্থা ভোট এবং নতুন করে প্রধান নির্বাচনের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়।
ভোটাভুটি প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের ১১টি, কংগ্রেসের ৯টি এবং সিপিএমের ২টি ভোট—মোট ২২টি ভোট পড়ে। ভোটাভুটির পর সর্বদলীয় সমর্থনে ইজাজ আহমেদ মোমিন কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হন।
কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে পঞ্চায়েত কার্যালয় চত্বরসহ গোটা এলাকায় মোতায়েন ছিল কড়া পুলিশি নিরাপত্তা। পুলিশের টহলদারির মধ্যেই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোটাভুটি শেষ হয়।
নতুন প্রধান নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতে ফের স্বাভাবিকভাবে পঞ্চায়েত পরিচালনার পথ খুলল।












Leave a Reply