বড়ঞায় জলমগ্ন ৬০০ হেক্টর কৃষিজমি, বন্যা পরিস্থিতি পরিদর্শনে পুলিশ-প্রশাসন।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- কুয়ে নদীর জলস্তর বাড়তে থাকায় মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বিস্তীর্ণ এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই ব্লকের বিভিন্ন এলাকায় প্রায় ৬০০ হেক্টর বা তারও বেশি কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে বলে জানা গিয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে চাষের জমি। ফলে ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন এলাকার কৃষকরা।

বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র খতিয়ে দেখতে শনিবার বড়ঞা ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার শচীন মক্কার। তাঁর সঙ্গে ছিলেন কান্দি মহকুমার এসডিপিও, বড়ঞা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা।

পরিদর্শনের সময় প্রশাসনের আধিকারিকরা জলমগ্ন এলাকা ও কৃষিজমি ঘুরে দেখেন। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি জলস্তরের বর্তমান পরিস্থিতি, ক্ষয়ক্ষতির সম্ভাবনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও আলোচনা করা হয়।

জলস্তর আরও বাড়লে পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়েও প্রশাসনের আধিকারিকদের মধ্যে আলোচনা হয়। সাধারণ মানুষ যাতে কোনওভাবে সমস্যায় না পড়েন, সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

এদিকে বন্যা পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। জলস্তরের পরিবর্তন এবং নতুন করে কোনও এলাকা জলমগ্ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করছে পুলিশ ও প্রশাসন। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

কৃষিজমি জলের তলায় চলে যাওয়ায় ক্ষতির আশঙ্কায় রয়েছেন এলাকার চাষিরা। জলস্তর দ্রুত কমে পরিস্থিতি স্বাভাবিক হোক—এখন সেই অপেক্ষাতেই রয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *