গভীর রাতে ডাম্পারের ধাক্কায় দু’টুকরো আম্বেদকরের মূর্তি, পাকুয়াহাটে চাঞ্চল্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— গভীর রাতে দ্রুতগতির ডাম্পারের ধাক্কায় ভেঙে দু’টুকরো হয়ে গেল ডক্টর বি. আর. আম্বেদকরের মূর্তি। ঘটনাটি ঘটেছে মালদহ-লালগোলা রাজ্য সড়কের পাকুয়াহাট আম্বেদকর মোড়ে।

স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে একটি ডাম্পার লরি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে আম্বেদকরের মূর্তিতে ধাক্কা মারে। বিকট শব্দে মূর্তিটি ভেঙে যায়। সকালে বিষয়টি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডাম্পার লরিটিকে আটক করেছে বামনগোলা থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *