এক মাসেও নিখোঁজ টোটোচালক মোজাম্মেলের দেহ, মহানন্দা থেকে সৈয়দপুরে পুলিশের চিরুনি তল্লাশি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— গত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে টোটো চালক কে খুন করে দেহ কোথায় ফেলেছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশি জিজ্ঞাসাবাদে একেক বার একেক রকম কথা বলছে ধৃত। তবুও তার কথার সূত্র ধরে মৃতদেহ খুঁজে পেতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। একদিকে যেমন মহানন্দা নদীতে নৌকা নিয়ে চলছে তল্লাশি, তেমনি অন্যান্য লোকজনদের নিয়ে সৈয়দপুর রেল ব্রিজ সংলগ্ন ভাগাড় এবং খাঁড়িতে তল্লাশি চালায় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এদিনও সৈয়দপুর এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। অশান্তি এড়াতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সৈয়দপুর রেল ব্রিজ সংলগ্ন খাঁড়ি এবং ঝোপ জঙ্গলে আর্থ মুভার মেশিন নিয়ে চিরুনি তল্লাশি অভিযান চালায় পুলিশ। দীর্ঘক্ষণ অভিযান চালিয়েও খালি হাতে ফিরতে হয়েছে পুলিশকে । তবুও কোন সম্ভাবনাই বাদ রাখতে চাইছে না পুলিশ। তবে এদিন পর্যন্ত নিখোঁজ টোটো চালকের দেহ উদ্ধার সম্ভব হয়নি। পুলিশের তল্লাশি অভিযান দেখতে দুপুরে সংশ্লিষ্ট এলাকায় উপস্থিত হয়েছিলেন প্রচুর এলাকাবাসী।
তাদেরই মধ্যে একজন আব্দুর রহমান বললেন, পুলিশের উপর আমাদের আস্থা রয়েছে। তাই একমাস হয়ে গেলেও এলাকাবাসী যথেষ্ট শান্ত রয়েছে । আমরা চাই ধৃত ব্যক্তিকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে অবিলম্বে মোজাম্মেলের দেহ উদ্ধার করুক পুলিশ। একই সঙ্গে ধৃত ব্যক্তির চরম শাস্তির দাবি জানাচ্ছি আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *