
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ মহিলা ফুটবল প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য গড়বেতা কলেজের। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে বিজয়ী ট্রফি ঘরে তুলল গড়বেতা কলেজের মহিলা ফুটবল দল। ফাইনালে নাড়াজোল কলেজের বিরুদ্ধে নির্ধারিত সময়ের লড়াইয়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ১-০ গোলে নাড়াজোল কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গড়বেতা কলেজ। শুরু থেকেই প্রতিযোগিতায় দাপট দেখিয়েছে গড়বেতা কলেজ। প্রথম ম্যাচেই মেদিনীপুর কলেজকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দেয় তারা। এরপর সেমিফাইনালে শিলদা কলেজকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে গড়বেতা কলেজ।
শেষ পর্যন্ত ফাইনালেও স্নায়ুর চাপ সামলে টাইব্রেকারে জয় ছিনিয়ে নিয়ে পরপর দ্বিতীয়বার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ মহিলা ফুটবলের চ্যাম্পিয়ন হল গড়বেতা কলেজ। কলেজের অধ্যক্ষ ডঃ হরিপ্রসাদ সরকার জানিয়েছেন কলেজ ছাত্রীদের মধ্যে বাড়ছে খেলার প্রবণতা। আগামী দিনেও বড় সাফল্য পাবে বলে জানিয়েছেন তিনি।
এই জয়ে কলেজের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস।












Leave a Reply