
সল্টলেক, নিজস্ব সংবাদদাতা:- আচমকা পরিদর্শনে বেরিয়ে বিধাননগর পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে ফুটপাত দখলের চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করলেন নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। পরিদর্শনের সময় রাস্তার ফুটপাত দখল করে পার্কিং ও দোকান বসানোর অভিযোগ সামনে আসে।
পরিদর্শনে দেখা যায়, ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তার ফুটপাতের একাংশ নানা ভাবে দখল হয়ে রয়েছে। কোথাও ফুটপাতের উপর গাড়ি পার্ক করা হয়েছে, আবার কোথাও ফুটপাতের জায়গা ব্যবহার করে দোকান বা ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। ফলে সাধারণ পথচারীদের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানা যায়।
পরিস্থিতি দেখে মন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ফুটপাতের উপর থাকা অবৈধ দখল নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরিয়ে দিতে হবে বলে কড়া বার্তা দেন তিনি।
অগ্নিমিত্রা পাল জানান, নির্ধারিত সময়ের মধ্যে ফুটপাত খালি না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা করা হবে। ফুটপাত সাধারণ মানুষের হাঁটার জন্য, সেখানে পার্কিং বা ব্যবসা চালানোর সুযোগ দেওয়া যাবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।
মন্ত্রী আরও নির্দেশ দেন, ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি চালাতে হবে। তাঁর আচমকা পরিদর্শনে পুরনিগমের সংশ্লিষ্ট আধিকারিকদের মধ্যেও তৎপরতা শুরু হয়েছে।
ফুটপাত দখলমুক্ত করার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের বক্তব্য, ফুটপাত দখলমুক্ত হলে পথচারীদের চলাচলে সুবিধা হবে এবং শহরের রাস্তাঘাটও আরও সুশৃঙ্খল হবে।












Leave a Reply