মোদির জন্মদিনে জোড়াবাগানে পুজো-যজ্ঞ, প্রধানমন্ত্রীর ছবির সামনে ধোকলা-লাড্ডু।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজ্যেও একাধিক কর্মসূচির ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। কলকাতা থেকে জেলার বিভিন্ন প্রান্তে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জন্মদিনের শুরুতেই উত্তর কলকাতার জোড়াবাগান এলাকায় দেখা গেল বিশেষ আয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় পুজো এবং যজ্ঞের আয়োজন করেছেন এলাকার বিজেপি সমর্থকরা। সকাল থেকেই শুরু হয়েছে ধর্মীয় অনুষ্ঠান। হবে হোম, যজ্ঞ এবং আরতিও।

প্রধানমন্ত্রীর ছবির সামনে রাখা হয়েছে তাঁর পছন্দের খাবার হিসেবে পরিচিত ধোকলা ও লাড্ডু। পুজো ও যজ্ঞের পর এই খাবারগুলি সাধারণ মানুষ এবং পথচারীদের মধ্যে বিতরণ করারও উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে বিজেপির একাধিক কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিরই অংশ হিসেবে জোড়াবাগানে এই বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। সকাল থেকেই এলাকায় এই অনুষ্ঠানকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *