চণ্ডীতলায় মিড-ডে মিলে খিচুড়ির বদলে ফ্রাইড রাইস-আলুর দম, পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী।

চণ্ডীতলা, নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চণ্ডীতলা বিধানসভা এলাকার দক্ষিণ নৈটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। জন্মদিনের কেক কাটা এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দিনটি পালন করা হয়। পাশাপাশি পড়ুয়াদের মিড-ডে মিলে খিচুড়ির পরিবর্তে পরিবেশন করা হয় ফ্রাইড রাইস ও আলুর দম।

এদিন বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়াদের হাতে পেন, পেন্সিল, খাতা ও বই তুলে দেওয়া হয়। জন্মদিন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিজেপির কর্মী-সমর্থকদের পাশাপাশি এলাকার একাধিক সমাজসেবীও অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রঞ্জন বিশ্বাস, ধর্মেন্দ্র রায়, বিমল কুমার ঘোষ, শুভেন্দু দত্ত-সহ একাধিক দলীয় কার্যকর্তা। এছাড়াও বিশিষ্ট সমাজসেবী অরূপ সরকার ও তাঁর টিম এই উদ্যোগে বিশেষভাবে অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আয়োজকদের দাবি, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ খাবারের পাশাপাশি পড়াশোনার সামগ্রী পেয়ে পড়ুয়াদের মধ্যেও উৎসাহ দেখা যায়। এদিন বিদ্যালয় চত্বরে শিশুদের মুখে হাসি ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *