মালদায় বসতবাড়িতে মোবাইল টাওয়ার বসানোর প্রতিবাদ, রাজ্য সড়ক অবরোধ।

মালদা, নিজস্ব সংবাদদাতা: বসতবাড়িতে মোবাইল টাওয়ার বসানোর প্রতিবাদে এবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। মঙ্গলবার স্টেশন মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় পুরুষ ও মহিলারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় তাঁদের আপত্তি উপেক্ষা করে এক বিএসএফ জওয়ান নিজের বাড়িতে মোবাইল টাওয়ার বসিয়েছেন। টাওয়ার বসানোর আগে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

বিক্ষোভকারীদের দাবি, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছিল। কিন্তু দীর্ঘদিনেও কোনও সুরাহা না মেলায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়েছে।

অবরোধের জেরে ব্যস্ত স্টেশন মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ। পুলিশের আশ্বাসের পর আপাতত অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

তবে দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *