ভাইফোঁটার দিনে ব্যতিক্রমী বোনফোঁটা! খেলার মাঠে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের অনন্য নজির খোখো খেলোয়াড়দের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভাইফোঁটা মানেই বোনের হাতে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা! ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বোনেরা পালন করেন এই বিশেষ উৎসব। কিন্তু চিরাচরিত সেই প্রথার বাইরে গিয়ে ভাইফোঁটার দিনেই এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকল মেদিনীপুর শহর। যেখানে বোনেদের কপালে ফোঁটা দিলেন ভাইয়েরা! আর এই বোনফোঁটার মধ্য দিয়েই খেলার মাঠে আরও দৃঢ় হল ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন।

বুধবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সের মাঠে পশ্চিম মেদিনীপুর জেলা খোখো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় এই অভিনব বোনফোঁটা অনুষ্ঠানের।

এদিন খোখো অ্যাসোসিয়েশনের পুরুষ খেলোয়াড়রা মহিলা খেলোয়াড়দের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দেন। এরপর চলে মিষ্টিমুখ এবং উপহার দেওয়া-নেওয়ার পালা। হাসি, আনন্দ আর উৎসবের আবহে খেলার মাঠ যেন মুহূর্তের মধ্যেই হয়ে ওঠে এক পরিবারের মিলনক্ষেত্র।

জানা গিয়েছে, গত চার বছর ধরেই এই মাঠে নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে বোনফোঁটা উৎসবের। সংস্থার সম্পাদক প্রভাংশু রায় জানান, খেলোয়াড়রা নিজেদের বাড়িতে ভাইফোঁটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর একত্রিত হন এই মাঠে। খেলার সূত্রে তৈরি হওয়া সম্পর্ককে আরও গভীর করা এবং পারস্পরিক শ্রদ্ধা ও সৌভ্রাতৃত্বের বন্ধন মজবুত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

তাঁর কথায়, খোখো শুধুমাত্র একটি খেলা নয়, এই খেলার সঙ্গে জড়িয়ে রয়েছে দলগত সংহতি, সহযোগিতা এবং পারস্পরিক বিশ্বাস। দিনের পর দিন একসঙ্গে অনুশীলন ও প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে খেলোয়াড়দের মধ্যে গড়ে ওঠে আত্মিক সম্পর্ক। সেই সম্পর্ককেই উৎসবের মাধ্যমে উদযাপন করা হয়।

এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলা ও পুরুষ খোখো খেলোয়াড়রা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সব মিলিয়ে ভাইফোঁটার দিনে মেদিনীপুরের খেলার মাঠে এই বোনফোঁটা শুধু একটি উৎসব নয়, বরং সম্প্রীতি, ভালোবাসা, সম্মান এবং নারী-পুরুষের পারস্পরিক সৌভ্রাতৃত্বের এক অনন্য বার্তা তুলে ধরল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *