মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের অভিযান, সাগরদিঘিতে পশু জবাইয়ের অভিযোগে গ্রেফতার ৪।

সাগরদিঘি, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে অবৈধ পশু জবাই ও পাচার রুখতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদের সাগরদিঘিতে অভিযান চালাল পুলিশ। শেখদীঘির হাজিপুর এলাকায় পশু জবাইয়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে সাগরদিঘি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে প্রায় ৭০ কেজি মাংস উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মঙ্গলবার ভোররাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাগরদিঘি থানার অন্তর্গত শেখদীঘির হাজিপুর এলাকার একটি নির্জন জায়গায় পশু জবাই করা হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। খবর পেয়ে মঙ্গলবার ভোররাতে সাগরদিঘি থানার একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের দাবি, জবাইয়ের কাজ চলাকালীনই ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা হয়।

ধৃতদের নাম নজফুল হক, কেতাবুল শেখ, হেসামুদ্দিন শেখ এবং সামসুল হক। তাঁদের বাড়ি সাগরদিঘি থানা এলাকায় বলে জানা গিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া প্রায় ৭০ কেজি মাংস বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া মাংস মাটিতে পুঁতে নষ্ট করে দেওয়া হয়েছে। মাংস কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল, সেই বিষয়টিও তদন্ত করে দেখছেন আধিকারিকরা।

উল্লেখ্য, সোমবারই রাজ্যে অবৈধ ও নির্বিচারে গবাদি পশু জবাই এবং পশু পাচার রুখতে কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিদ্যমান আইন আরও কঠোরভাবে কার্যকর করার পাশাপাশি এ বিষয়ে নতুন আইন আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

মুখ্যমন্ত্রীর সেই বার্তার পরদিনই সাগরদিঘিতে পুলিশের এই অভিযান ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। ধৃতদের বিরুদ্ধে কী কী আইনি পদক্ষেপ করা হয়েছে এবং তদন্তে আর কারও নাম উঠে আসে কি না, এখন সেদিকেই নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *