
বেলঘরিয়া, নিজস্ব সংবাদদাতা: বেলঘরিয়ার ২০ নম্বর ওয়ার্ডের ৫০/১ বি.এন. ব্যানার্জি রোডে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম অনুষ্কা মালাকার (২৪)। তাঁর স্বামী রঞ্জিত চৌধুরীর বয়স ২৭ বছর।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল গভীর রাতে প্রায় সাড়ে তিনটে নাগাদ বাড়ির ঘরের মধ্যে পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় অনুষ্কার দেহ উদ্ধার হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বেলঘরিয়া থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মৃতার পরিবারের সদস্য ও এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই অনুষ্কার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন তাঁর স্বামী। স্বামীর নেশার অভ্যাস নিয়েও অভিযোগ তুলেছেন তাঁরা। মৃতার এক কাকার দাবি, দীর্ঘদিন ধরে অনুষ্কার উপর অত্যাচার চলছিল। তাঁর অভিযোগ, শ্বশুর, শাশুড়ি ও স্বামী—তিনজন মিলে অনুষ্কাকে নির্যাতন করতেন।
পরিবারের আরও অভিযোগ, অনুষ্কার মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর স্বামীই তাঁকে হাসপাতালে নিয়ে যান। তবে পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে অনুষ্কার শ্বশুর ও শাশুড়ি পলাতক। অন্যদিকে, তাঁর স্বামী রঞ্জিত চৌধুরীকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ বলে জানা গিয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।












Leave a Reply