বিনপুরের নারায়ণপুরে ও ঝাড়গ্রামের সেবায়তন এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-  কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর রাজ্য কে সতর্ক করেছে মাওবাদীরা যেকোনো সময় বড় ধরনের নাশকতার ঘটনা ঘটাতে পারে। তাই কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের সতর্কতা পেয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে জঙ্গলমহলের প্রতিটি এলাকায় হাই এলাট জারি করা হয়েছে । বিভিন্ন এলাকায় চলছে নাকা চেকিং । তারই মধ্যে বিভিন্ন জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনা ঘটছে। সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার নারায়নপুর বিরসা মোড়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পায় এলাকার বাসিন্দারা ।ওই এলাকায় দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ার মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলি ওই এলাকা থেকে উদ্ধার করে নিয়ে যায় ।ওই পোস্টারে লেখা রয়েছে তৃণমূল নেতাদের সাথে খেলা হবে । সেইসঙ্গে পুলিশকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা ওই পোস্টার এর শেষে লেখা রয়েছে মাওবাদী সিপিআই। এছাড়াও সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলের সেবায়তন এলাকায় মাওবাদী নামাঙ্কিত একাধিক পোস্টার স্থানীয় বাসিন্দারা দেখতে পায়। সেই পোস্টারগুলিতে তৃণমূল নেতাদের হুমকি দিয়ে লেখা রয়েছে । যার ফলে জঙ্গলমহল জুড়ে নতুন করে মাওবাদী আতঙ্ক মাথাচাড়া দিয়ে উঠছে। শনিবার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া রামকৃষ্ণ বাজারে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছিল। ঐদিন দুপুরে ঝাড়গ্রামের চন্দ্রী এলাকায় এক রেশন ডিলারের কর্মচারীকে গুলি করে তার বাইক ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। রবিবার ঝাড়গ্রাম ব্লকের লোধাসুলি এলাকায় ছয় নম্বর জাতীয় সড়কের ধারে একটি পিলারে লাল সুতো দিয়ে বাঁধা অবস্থায় বেশ কিছু সাদা কাগজ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। যার ফলে মাওবাদী আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাই সোমবার ফের ঝাড়গ্রাম জেলার দুই এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার কে কেন্দ্র করে ওই দুই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *