আগ্নেয়াস্ত্র-সহ আমজাদ গ্রেফতার, স্করপিও থেকে উদ্ধার ওয়ান শটার ও কার্তুজ।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল গোয়ালপোখর থানার পুলিশ। ধৃতের নাম আমজাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকার বাসিন্দা আমজাদ একাধিক অপরাধমূলক মামলায় জড়িত বলে অভিযোগ। রাহি খুনের মামলায় অভিযুক্ত মোস্তফার সহযোগী হিসেবেও তার নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি।

গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালপোখর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় একটি স্করপিও গাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শটার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এরপরই আমজাদকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, ধৃত ব্যক্তি এর আগেও একাধিক অপরাধমূলক মামলায় জড়িত ছিল। এমনকী রাজ্যের বিভিন্ন জেলাতেও সে জেল খেটেছে বলে জানা গিয়েছে।

এদিন ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হবে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এল এবং এর পিছনে কোনও বড় চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে গোয়ালপোখর থানার পুলিশ।

তদন্তের স্বার্থে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *