বিহারে সাংবাদিকদের পেনশন বাড়াল নীতীশ সরকার, ভোটের আগে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত।

পাটনা, নিজস্ব সংবাদদাতা:- বিহারে সাংবাদিকদের জন্য বড়সড় সুখবর। ভোটের আগে সাংবাদিকদের পেনশন বাড়িয়ে নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজ্য সরকারের ‘বিহার পত্রকার সম্মান পেনশন স্কিম’-এর আওতায় মাসিক পেনশন ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হল ১৫ হাজার টাকা। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন,

“আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ‘বিহার পত্রকার সম্মান পেনশন স্কিম’-এর আওতায়, সকল যোগ্য সাংবাদিককে ৬,০০০ টাকার পরিবর্তে ১৫,০০০ টাকা মাসিক পেনশন দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।”

এছাড়াও, সাংবাদিকদের মৃত্যুর পর তাঁদের পরিবার যেন আর্থিক দিক থেকে বিপদে না পড়েন, সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন—

“যে সমস্ত সাংবাদিক এই পেনশন স্কিমের আওতায় পেনশন পেয়ে আসছেন, তাঁদের মৃত্যুর পর নির্ভরশীল স্বামী বা স্ত্রীকে আজীবনের জন্য ৩,০০০ টাকার পরিবর্তে ১০,০০০ টাকা করে মাসিক পেনশন দেওয়ার নির্দেশও রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে।”

মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকতার গুরুত্ব ও মর্যাদা নিয়েও বার্তা দেন। তিনি বলেন,

“গণতন্ত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং সামাজিক উন্নয়নে তাঁদের সক্রিয় ভূমিকা রয়েছে। আমরা শুরু থেকেই সাংবাদিকদের সুযোগ-সুবিধার দিকে নজর দিয়েছি, যাতে তাঁরা স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারেন এবং অবসর জীবনে সম্মানজনক জীবন যাপন করতে পারেন।”

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিহার বিধানসভা ভোটের আগে এই সিদ্ধান্ত একদিকে যেমন সাংবাদিকদের প্রতি সরকারের ‘পজিটিভ বার্তা’ বহন করছে, তেমনই ভোট রাজনীতিতেও এর বিশেষ প্রভাব পড়বে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *