
মালদা, নিজস্ব সংবাদদাতা :- আর্থিক অনটন, বাবার পরিযায়ী শ্রমিকের কাজ, মায়ের চাষের জমিতে দিনমজুরি,সব প্রতিকূলতাকে হার মানিয়ে মাধ্যমিকে ৬৭০ নম্বর পেয়ে এলাকায় নজির গড়ল পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের বরকোলের উত্তর ভাটরা কলোনির বাসিন্দা রাকেশ কোল। আদিবাসী পরিবারের এই মেধাবী ছাত্রের সাফল্যে খুশির হাওয়া গোটা এলাকাজুড়ে।রাকেশের বাবা খোকা কোল পেশায় পরিযায়ী শ্রমিক। কাজের সূত্রে দীর্ঘ সময় বাইরে থাকতে হয় তাকে। মা রেখা কোল গৃহবধূ হলেও সংসারের হাল ধরতে চাষের জমিতেও কাজ করেন। তিন ছেলের সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। সেই পরিস্থিতির মধ্যেই পড়াশোনা চালিয়ে গিয়ে এই সাফল্য অর্জন করেছে রাকেশ।পুরাতন মালদার গোটপাড়া এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে সে। মাধ্যমিকের ফল প্রকাশের পর স্কুলে তাকে মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মিষ্টিমুখেরও আয়োজন করা হয়। শিক্ষক-শিক্ষিকারা রাকেশের এই সাফল্যে গর্ব প্রকাশ করেছেন।রাকেশ জানিয়েছে, ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হতে চায়। তবে পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় উচ্চশিক্ষা নিয়ে চিন্তায় রয়েছে পরিবার। তাই সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন রাকেশ ও তার পরিবার। এলাকার মানুষও এই মেধাবী ছাত্রের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনন্দ হাজরা তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং সরকার যাতে পাশে থাকুক এই ধরনের ছাত্রদের কাছে আবেদন করেন তিনি।












Leave a Reply