শপথের আনন্দে পারপতিরামে হাজার লাড্ডু বিলি, শান্তির বার্তা বিজেপির।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির সরকার গঠনের আনন্দে শনিবার বিকেলে বোল্লা গ্রাম পঞ্চায়েতের পারপতিরাম এলাকায় হাজার লাড্ডু বিলি করলেন বিজেপি নেতা-কর্মীরা। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের হাতেও মিষ্টি তুলে দেওয়া হয়। গোটা এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। এদিন বিজেপি কর্মীদের আনন্দ মিছিল, স্লোগান এবং উচ্ছ্বাসও লক্ষ্য করা যায়।

স্থানীয় বিজেপি নেতা সঞ্জিত মন্ডল বলেন, “গত পনেরো বছর ধরে আমাদের বহু কর্মী নানা অত্যাচারের শিকার হয়েছেন। অনেকের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। বহু পরিবার জীবিকার সংকটে পড়েছে। আমার নামেও কয়েকটি মামলা রয়েছে। কিন্তু আমরা বদলার রাজনীতিতে বিশ্বাস করি না।”

তিনি আরও বলেন, “মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। শান্তির বার্তা দিতেই এবং বিজেপি সরকারের শপথ গ্রহণ উপলক্ষে আমরা এই লাড্ডু বিতরণ কর্মসূচির আয়োজন করেছি। সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়েছেন।”

বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে নতুন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তারা শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখতে চায়। সেই বার্তাই এদিন পারপতিরামের কর্মসূচির মাধ্যমে তুলে ধরা হয়েছে। অন্যদিকে, সাধারণ মানুষের একাংশও এই উৎসবমুখর পরিবেশ উপভোগ করতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *