দীপাবলির রাতেই অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত বৃদ্ধা, পুড়ে ছাই ঘরবাড়ি ও নগদ ১০ হাজার টাকা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- দীপাবলির রাতে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন অসহায় বৃদ্ধা, পুড়ে ছাই টিনের ও চাটাই দিয়ে তৈরি ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ নথিপত্র। পাশে দাঁড়াল হবিবপুরের বিজেপি নেতৃত্ব ও মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়

দীপাবলির আনন্দের রাতেই ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন এক অসহায় বৃদ্ধা। আগুনে পুড়ে ছাই হয়ে গেল তাঁর ঘরের আসবাবপত্র, পরনের কাপড়চোপড়, জমানো নগদ টাকা প্রায় ১০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র। ঘটনাটি ঘটেছে রবিবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ হবিবপুর থানার বুলবুলচণ্ডীর মধ্যমকেন্দুয়া এলাকায়। ক্ষতিগ্রস্ত বৃদ্ধার নাম গীতা স্বর্ণকার, তিনি বাড়িতে একাই থাকেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গীতা স্বর্ণকারের বাড়িটি টিনের তৈরি। বর্ষাকালে টিনের ছাদ দিয়ে জল পড়া আটকাতে ঘরের উপরে প্লাস্টিকের আবরণ টাঙানো ছিল। রবিবার রাতে তিনি বাড়ির বাইরে আরাম করছিলেন আচমকাই তাঁর বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

বৃদ্ধা গীতা স্বর্ণকার জানান, বিধবা ভাতার টাকা দিয়েই কোনওরকমে তাঁর সংসার চলে। তাঁর ছেলে থাকলেও তিনি বাইরে থাকেন। সবকিছু আগুনে নষ্ট হয়ে গিয়েছে,
কীভাবে আগুনের সূত্রপাত হল, তা এখনও বুঝে উঠতে পারছেন না ওই বৃদ্ধা।

ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ক্ষতিগ্রস্ত বৃদ্ধার বাড়িতে ছুটে যান মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় সাথে ছিলেন হবিবপুর বিজেপি ৫ নম্বর মণ্ডলের সভাপতি রামেশ্বর মাহাতো সহ বিজেপি নেতৃত্ব । তাঁরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গীতা স্বর্ণকারের সঙ্গে কথা বলে তাঁর পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি বৃদ্ধার হাতে চাল ও ডাল, ত্রিপাল কম্বল বাসনপত্র তুলে দেন তারাশঙ্কর রায়। সেই সঙ্গে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার আশ্বাসও দেন তিনি। বিপদের দিনে বিজেপি নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের পাশে পেয়ে কিছুটা হলেও আশার আলো দেখছেন অসহায় বৃদ্ধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *