
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা Special Intensive Revision (SIR) 2026-এর কাজে নিযুক্ত বুথ লেভেল অফিসারদের (BLO) পারিশ্রমিক মেটাতে ৩৮ কোটি ৮৭ লক্ষ ৮৫ হাজার টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। বুধবার, ৯ সেপ্টেম্বর এই সংক্রান্ত নির্দেশ জারি করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নির্দেশ অনুযায়ী, প্রতি BLO-কে ৫ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।
নির্দেশিকায় জানানো হয়েছে, সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের হাতে বরাদ্দ অর্থ তুলে দেওয়া হচ্ছে। তাঁদের অবিলম্বে BLO-দের পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অর্থ খরচের পর Utilization Certificate (UC) পোর্টালের মাধ্যমে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে।
বরাদ্দের হিসাবে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা—৪ কোটি ৪২ লক্ষ ৯৫ হাজার টাকা। এরপর রয়েছে উত্তর ২৪ পরগনা—৪ কোটি ৩২ লক্ষ ৯০ হাজার টাকা। মুর্শিদাবাদকে ২ কোটি ৯৪ লক্ষ ৭৫ হাজার, হুগলিকে ২ কোটি ৬১ লক্ষ ৮৫ হাজার, নদিয়াকে ২ কোটি ৩৪ লক্ষ ৩০ হাজার এবং পূর্ব বর্ধমানকে ২ কোটি ২৫ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
অন্যদিকে, হাওড়ার জন্য ২ কোটি ১৯ লক্ষ ৬৫ হাজার এবং পশ্চিম মেদিনীপুর জেলার জন্য ২ কোটি ১৬ লক্ষ ৬৫ হাজার টাকা বরাদ্দ হয়েছে। বীরভূমে ১ কোটি ৫৩ লক্ষ ৮০ হাজার, বাঁকুড়ায় ১ কোটি ৬৪ লক্ষ ৪৫ হাজার, পুরুলিয়ায় ১ কোটি ২৬ লক্ষ ৪৫ হাজার এবং কোচবিহারে ১ কোটি ২৬ লক্ষ ৮৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, প্রতি বুথে একজন BLO-র হিসাবেই এই অর্থ বরাদ্দ করা হয়েছে। অতিরিক্ত BLO-দের ক্ষেত্রে এই বরাদ্দ প্রযোজ্য হবে না। একইসঙ্গে, নির্ধারিত কাজ সন্তোষজনকভাবে সম্পূর্ণ হওয়ার পরেই পারিশ্রমিক প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা করতে বলা হয়েছে।
রাজ্যের ২১টি জেলার জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। বরাদ্দ অর্থ খরচের পৃথক হিসাব রাখার পাশাপাশি, নির্দিষ্ট উদ্দেশ্যেই সেই অর্থ যথাযথভাবে ব্যবহার করা হয়েছে কি না, তার শংসাপত্রও সংশ্লিষ্ট আধিকারিকদের জমা দিতে হবে।
SIR-এর মতো গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ায় BLO-দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের পারিশ্রমিক বাবদ এই অর্থ বরাদ্দের ফলে সংশ্লিষ্ট কর্মীদের দীর্ঘমেয়াদি মাঠপর্যায়ের কাজের ক্ষেত্রে প্রশাসনিক প্রস্তুতিও আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে।












Leave a Reply